দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের মাঝে এবার এক বিদেশি পর্যটকের সঙ্গে ঘটা লজ্জাজনক ঘটনা প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির এক অটোচালক এক বিদেশি পর্যটককে ক্রমাগত টাকার বিনিময়ে যৌন পরিষেবা নেওয়ার জন্য জোর করছেন। ওই পর্যটক বারবার তাঁকে থামতে বললেও এবং নিজের অনীহা প্রকাশ করলেও, চালকটি নাছোড়বান্দার মতো কুরুচিকর কথাবার্তা চালিয়ে যান।
ভিডিওটিতে অভিযুক্ত অটোচালককে স্পষ্ট বলতে শোনা যায়, “ঘর আছে,” এবং “১৮-২০ বছরের ভালো মেয়ে পাওয়া যাবে।” এই ঘটনায় ওই বিদেশি পর্যটক চরম নিরাপত্তাহীনতা ও অস্বস্তিতে ভোগেন বলে জানিয়েছেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকে দিল্লি পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। সমালোচকদের মতে, এই ধরনের মানসিকতা বিদেশের মাটিতে ভারতের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিচ্ছে।