গত কয়েকদিনের মেঘলা আকাশ আর বৃষ্টির পালা শেষ হতেই কলকাতায় আবারও অনুভূত হচ্ছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, টানা ৬ দিন পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির নিচে নামল। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর উত্তুরে হাওয়ার পথ পরিষ্কার হতেই এই পারদ পতন। তবে বাঙালিকে কি ফের লেপ-কম্বল বের করতে হবে? আলিপুর কিন্তু অন্য কথা বলছে।
আবহাওয়াবিদদের মতে, এই ঠান্ডার আমেজ একেবারেই সাময়িক। আগামী দু’দিন এই মনোরম আবহাওয়া বজায় থাকলেও তারপর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ২ দিন পর রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, দুপুরের দিকে রোদের তেজ বাড়ায় সর্বোচ্চ তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়বে। আজ দুপুরের দিকে কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট আরও বেশি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া বা মেদিনীপুরের মতো জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি বেলা বাড়লে গরম অনুভূত হবে এবং রাতে হালকা ঠান্ডার আমেজ থাকবে। অর্থাৎ, শীত কার্যত বিদায়বেলায় কেবল একবার শেষবারের মতো জানান দিয়ে গেল।