দেশের গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে এবং তাঁদের আর্থিক সুরক্ষা প্রদান করতে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’ (PMMVY 2.0)-র আওতায় বড়সড় সুবিধা দিচ্ছে। এই প্রকল্পের নতুন নির্দেশিকা অনুযায়ী, একজন যোগ্য মহিলা তাঁর প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সব মিলিয়ে মোট ১১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। তবে এই ১১,০০০ টাকা পেতে গেলে সরকারের বেঁধে দেওয়া কিছু বিশেষ শর্ত পূরণ করতে হবে।
কিভাবে পাওয়া যাবে ১১,০০০ টাকা? সরকারের নিয়ম অনুযায়ী, প্রথমবার মা হওয়ার সময় দুই কিস্তিতে মোট ৫,০০০ টাকা দেওয়া হয়। এরপর, দ্বিতীয় সন্তানের জন্ম যদি কন্যাসন্তান হয়, তবে সরকারের পক্ষ থেকে এককালীন আরও ৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থাৎ, কোনো পরিবারের প্রথম ও দ্বিতীয় সন্তান (যদি দ্বিতীয়টি মেয়ে হয়) মিলিয়ে মা মোট ১১,০০০ টাকার সরকারি সুবিধা ভোগ করতে পারেন। এর মূল উদ্দেশ্য হলো লিঙ্গ বৈষম্য দূর করা এবং কন্যাসন্তানের জন্মের প্রতি ইতিবাচক মানসিকতা তৈরি করা।
কারা আবেদনের যোগ্য?
-
আবেদনকারী মহিলার বয়স ন্যূনতম ১৯ বছর হতে হবে।
-
গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
-
আবেদনকারীর পরিবারকে অবশ্যই আর্থিকভাবে অনগ্রসর হতে হবে (যেমন- বিপিএল কার্ড হোল্ডার, ই-শ্রম কার্ডধারী বা বছরে ৮ লক্ষ টাকার কম আয় সম্পন্ন পরিবার)।
-
সরকারি চাকুরিজীবী মহিলারা এই সুবিধার আওতায় আসবেন না।
আবেদন করার পদ্ধতি: ১. অনলাইন আবেদন: আপনি সরাসরি প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট (https://pmmvy.wcd.gov.in/) অথবা ‘PMMVY’ মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। ‘Citizen Login’-এ গিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করে ফর্ম পূরণ করতে হবে। ২. অফলাইন আবেদন: নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা অনুমোদিত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ফর্ম ১-এ (Form 1A) জমা দিয়ে নাম নথিভুক্ত করা যাবে।
প্রয়োজনীয় নথিপত্র: আবেদনের সময় আধার কার্ড, ব্যাংক পাসবুক (আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক), এবং এমসিপি কার্ড (MCP Card) বা গর্ভধারণের প্রমাণপত্র জমা দিতে হবে। টাকা সরাসরি ডিবিটি (DBT) মোডের মাধ্যমে আবেদনকারীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে।