পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হিংসা রুখতে এবার কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। বুধবার পর্যবেক্ষকদের নিয়ে আয়োজিত এক হাই-প্রোফাইল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দেন, ভোটের সময় কোনো ধরণের অশান্তি বরদাস্ত করা হবে না। অতীতে যাদের বিরুদ্ধে গোলমাল পাকানোর রেকর্ড রয়েছে, তাঁদের চিহ্নিত করে দ্রুত ‘শিয়োরি অ্যারেস্ট’ বা গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে মালদহের মোথাবাড়ির অশান্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ পর্যবেক্ষকরা প্রয়োজন মনে করলেই মাত্র ৩০ মিনিটের নোটিশে কেন্দ্রীয় বাহিনী তলব করতে পারবেন।
তবে এই কড়া নির্দেশের মাঝেই বৈঠক চলাকালীন তৈরি হয় এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। কোচবিহারের এক অভিজ্ঞ পর্যবেক্ষকের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন জ্ঞানেশ কুমার। সংশ্লিষ্ট অফিসার বুথের সংখ্যা বলতে না পারায় মেজাজ হারিয়ে কমিশনার বলে ওঠেন, “Go back to your home, leave the room!” কমিশনারের এই রূঢ় মন্তব্যের মুখে পিছু হঠেননি ওই সিনিয়র অফিসারও। তিনি পাল্টা জবাবে বলেন, “আপনি আমার সাথে এই ধরণের ব্যবহার করতে পারেন না। আমি ২৫ বছর সার্ভিস দিয়েছি।” অফিসারের এই অনমনীয় জবাবে কমিশনার মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেও, কমিশন সূত্রে খবর, ওই অফিসারকে তৎক্ষণাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের মুখে কমিশনের এই রণংদেহী রূপ এবং আধিকারিকদের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে।





