২০২৬ আইপিএলের দামামা বাজার আগেই ভয়াবহ রাজনৈতিক ডামাডোলে জড়িয়ে পড়লেন আফগান ক্রিকেটাররা। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের অতর্কিত এয়ারস্ট্রাইকে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও ২৫০ জন। এই নারকীয় হামলায় একটি ২০০০ শয্যাবিশিষ্ট দাতব্য হাসপাতাল ধূলিসাৎ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তুখোড় স্পিনার আল্লা গজনফর।
সংবাদমাধ্যমের সামনে গজনফর সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে তা পাকিস্তানের জন্য ভালো হবে না।” তিনি আরও যোগ করেন যে, ভারত আফগানিস্তানের চিরকালই ‘ঘনিষ্ঠ বন্ধু’। এই কঠিন সময়ে ভারত যাতে সক্রিয়ভাবে পাশে দাঁড়ায় এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের এই আগ্রাসন রুখতে সাহায্য করে, সেই আবেদনই জানিয়েছেন তিনি। রাশিদ খান এবং মহম্মদ নবির মতো সিনিয়রেরাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাকিস্তান এখনও এই হামলার দায় স্বীকার না করলেও, কাবুল জুড়ে এখন লাশের স্তূপ আর স্বজনহারার আর্তনাদ। ক্রীড়াজগৎ থেকে ভারতের কাছে এই সাহায্যের আর্জি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।