হাজরা থেকে আলিপুর গেরুয়া প্লাবন! শাহ-শুভেন্দুর মেগা রোড শো ঘিরে তুঙ্গে উত্তেজনা

২০২৬-এর বাংলার মহারণে সবচেয়ে হাই-ভোল্টেজ লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ভবানীপুর। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়ে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড় থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত আয়োজিত এই বিশাল মিছিলে কয়েক হাজার মানুষের সমাগম কার্যত শক্তিপ্রদর্শনের রূপ নেয়।

বিজয় সংকল্প সভা ও রোড শো:
এদিন একটি বিরাট ট্যাবলোয় চড়ে শোভাযাত্রা শুরু করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। তাঁদের সঙ্গে ছিলেন রাসবিহারীর প্রার্থী স্বপন দাশগুপ্ত এবং বালিগঞ্জের শতরূপা। রাস্তার দু’ধারে জমায়েত হওয়া মানুষের দিকে গোলাপ ফুল ছুড়ে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। গেরুয়া ঝাণ্ডা এবং ‘ভারত মাতা কী জয়’ স্লোগানে গোটা এলাকা উৎসবের চেহারা নেয়।

কালীঘাটে স্লোগান-পাল্টা স্লোগান:
বিজেপির এই ‘বিজয় সংকল্প’ রোড শো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কালীঘাট অতিক্রম করছিল, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সমর্থকদের পাল্টা হিসেবে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। দুই শিবিরের স্লোগান ও পাল্টা স্লোগানে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তবে সমস্ত বাধা কাটিয়ে শেষ পর্যন্ত আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে নিজের মনোনয়ন দাখিল করেন শুভেন্দু।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy