হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় বুধবার ভোরে সাতসকালে প্রোমোটার সফিক খানকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার ঘটনায় এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। সিসিটিভি ফুটেজে দুই আততায়ী হারুন খান ও রোহিত হোসেনের মুখ স্পষ্ট দেখা গেলেও, তারা এখনও পুলিশের নাগালের বাইরে। এই পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢেলেছে একটি ভাইরাল ভিডিও ও ছবি। যেখানে দেখা যাচ্ছে, অন্যতম মূল অভিযুক্ত হারুন খান হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বাইকের পিছনে বসে হাসিমুখে ঘুরছে।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি এবং সিপিএম নেতৃত্ব সরব হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছে যে, নবান্নের ঢিল ছোড়া দূরত্বে প্রশাসনের নাকের ডগায় শাসকদলের মদতেই এই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। বিরোধীদের দাবি, বিধায়কের ‘ছত্রছায়ায়’ থাকার কারণেই পুলিশ হারুনকে ধরার সাহস পাচ্ছে না।
বিধায়কের পাল্টা সাফাই: বিতর্ক বাড়তে দেখে আসরে নেমেছেন বিধায়ক গৌতম চৌধুরী। ভাইরাল ভিডিও প্রসঙ্গে তাঁর পাল্টা দাবি, “আমি একজন জনপ্রতিনিধি। প্রতিদিন হাজার হাজার মানুষ আমার কাছে আসে, আমার সঙ্গে ছবি তোলে বা বাইকে ওঠে। কার কপালে ‘ক্রিমিনাল’ লেখা আছে তা বোঝা সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন যে, কোনো দুষ্কৃতীকে প্রশ্রয় দেওয়া তাঁর কাজ নয় এবং পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হয়। যদিও এই ‘সাফাই’ মানতে নারাজ নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।