দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-কে বড়সড় ধাক্কা দিল আয়কর বিভাগ। ২০২৩-২৪ অর্থবর্ষের স্ক্রুটিনি অ্যাসেসমেন্টের পর ব্যাঙ্ককে সব মিলিয়ে ৬৩,৩৭৫ কোটি টাকার (সুদসহ) ট্যাক্স নোটিস পাঠানো হয়েছে। গত ১৯ মার্চ আয়কর বিভাগ এই নির্দেশিকা জারি করেছে বলে খোদ স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে। আয়কর বিভাগের এই বিশাল অঙ্কের দাবি ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে আর্থিক মহলে।
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, আয়কর বিভাগের এই হিসাবের সঙ্গে তারা একমত নয়। ব্যাঙ্কের দাবি, বিভিন্ন খাতে ছাড় বা ডিসঅ্যালাওয়েন্স নিয়ে মতভেদের কারণেই এই বিশাল অঙ্কের ট্যাক্স ডিমান্ড তৈরি হয়েছে। এসবিআই ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, তারা এই নির্দেশের বিরুদ্ধে আইনি পথে লড়াই করবে এবং উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবে। ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই নোটিসের ফলে তাদের দৈনন্দিন কাজকর্মে কোনো প্রভাব পড়বে না।
তবে চিন্তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সোমবারের শেয়ার বাজার। বিনিয়োগকারীদের আশঙ্কা, ৬৩ হাজার কোটি টাকারও বেশি করের বোঝা ব্যাঙ্কের লভ্যাংশ বা মুনাফায় প্রভাব ফেলতে পারে। এর ফলে সোমবার বাজার খুলতেই এসবিআই-এর শেয়ারে বড়সড় পতন বা ধস নামার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাজার বিশেষজ্ঞরা। যদিও মোতিলাল ওসওয়ালের মতো অনেক ব্রোকারেজ হাউস দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এসবিআই-এর উপর ভরসা রাখছে, তবুও স্বল্প মেয়াদে এই ট্যাক্স নোটিস যে একটি বড় ‘নেগেটিভ ট্রিগার’ হিসেবে কাজ করবে, তা নিশ্চিত।