স্কুলের তালাবন্ধ ঘরে কোটি কোটি টাকা! কাঁচরাপাড়ার নামী স্কুল ঘিরে তুঙ্গে বিতর্ক

রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির অভিযোগের আবহে এবার শিরোনামে এল একটি বেসরকারি স্কুল। কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনির ‘হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল’-এর একটি বন্ধ ঘর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ বুধবার রাতে ওই স্কুলে হানা দেয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর একটি তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয় নগদ ১ কোটি ৭৭ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা গোনার জন্য পুলিশকে তিনটি মেশিন নিয়ে আসতে হয়েছিল। ভোর পর্যন্ত টানা গণনা চলে। এই ঘটনায় স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ এবং অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করেছে পুলিশ। টাকার উৎস সম্পর্কে সদুত্তর না মেলায় ধৃতদের জেরা করা হচ্ছে। এলাকার বিধায়ক সুদীপ্ত দাস ও স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গাঙ্গুলী অভিযোগ করেছেন, স্কুলের প্রেসিডেন্ট তথা কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর নির্দেশেই ওই বিপুল অর্থ সেখানে গচ্ছিত ছিল। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

অন্যদিকে, দুর্নীতির অভিযোগে উত্তাল ধূপগুড়ির ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানে কাটমানি ফেরতের দাবিতে মাইকিং করে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। আবাসের ঘর থেকে ১০০ দিনের কাজের টাকা—বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ সাধারণ মানুষের থেকে কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানিয়েছেন, টাকা ফেরত না দিলে আগামী দিনে বড় ধরণের আন্দোলন গড়ে তোলা হবে। এক দিকে স্কুলে কোটি টাকার হদিশ, অন্য দিকে গ্রামে কাটমানি ফেরতের দাবিতে আন্দোলন—এই দুই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy