দিল্লির পর এবার বোমাতঙ্কে থমথমে গুজরাত। সোমবার সকালে আহমেদাবাদ এবং বডোদরার প্রায় ১৩টি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। স্কুল খোলার পরপরই কর্তৃপক্ষের নজরে আসে এই হুমকি বার্তাগুলো, যার ফলে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড। প্রতিটি স্কুলে চিরুনি তল্লাশি শুরু হলেও এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি ভুয়ো হুমকি (Hoax Call), তবে নিরাপত্তার খাতিরে কোনও খামতি রাখা হচ্ছে না। গত বছরও গুজরাত হাইকোর্ট এবং পোরবন্দরের স্কুলে এই ধরনের ভুয়ো ইমেল পাঠানো হয়েছিল। তদন্তকারীরা ইমেল প্রেরকের পরিচয় জানার চেষ্টা করছেন।