বাংলার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে জল গড়াল সুপ্রিম কোর্টে। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে। ভিভিআইপি হিসেবে মমতার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রও ইতিমধ্যেই মিলেছে। রাজনৈতিক মহলে জল্পনা, নিজের মামলাতে কি তবে নিজেই সওয়াল করবেন তিনি? আইনজীবীর লাইসেন্স থাকলেও সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত না হওয়ায় তিনি সাধারণ নাগরিক হিসেবে সওয়াল করতে পারেন বলে মনে করা হচ্ছে।
মমতার এই পদক্ষেপকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ। তাঁর সঙ্গে সুপ্রিম কোর্টে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, মানুষের অধিকারের প্রয়োজনে তিনি আদালতে দাঁড়াতে দ্বিধাবোধ করবেন না। অন্যদিকে, এই ঘটনায় তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ন করছেন। বুধবার দিল্লির সর্বোচ্চ আদালতে মমতার সওয়াল ঘিরে এখন টানটান উত্তেজনা সারা দেশে।