মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রবীণ কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের আবেদন সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবে না এবং রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই বহাল থাকবে। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের আওতায় মামলাটি গ্রহণ করতেও অস্বীকার করেছে সর্বোচ্চ আদালত।
রায় ঘোষণার পরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মীনাক্ষী। তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “প্রথমে ভোট চুরি হচ্ছিল, এখন সরাসরি আসন চুরি হচ্ছে।” রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলে তিনি বলেন, কমিশনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। এমনকি আদালতের শুনানিতে রাজ্য সরকার নিজেদের আইনজীবী নিয়ে উপস্থিত হওয়ায় তিনি বিষয়টিকে রাজনৈতিক আঁতাত বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মীনাক্ষীর মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার। বিজেপি প্রার্থী মহেশ কেবত অভিযোগ করেছিলেন যে, তেলেঙ্গানায় মীনাক্ষীর বিরুদ্ধে থাকা একটি মামলার তথ্য তিনি ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন। রিটার্নিং অফিসারের সেই সিদ্ধান্তকেই আইনি সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়ের ফলে রাজ্যসভা নির্বাচনে মীনাক্ষী নটরাজনের প্রার্থিতা বাতিলই রইল, যা মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে কংগ্রেসের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।





