দেশের কোটি কোটি বেসরকারি কর্মীর নজর এখন আগামী ২ মার্চের দিকে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)-এর সুদের হার চূড়ান্ত করতে ওইদিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি ‘সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ’ (CBT)। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন প্রায় সাড়ে সাত কোটি সক্রিয় সদস্য।
সুদের হার কি বাড়তে পারে? বর্তমানে ইপিএফ-এ সুদের হার রয়েছে ৮.২৫ শতাংশ। আর্থিক মহলের গুঞ্জন, এবারও এই হার অপরিবর্তিত রাখা হতে পারে। তবে কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে সুদ বাড়িয়ে ৮.৫০ শতাংশ বা ৯ শতাংশ করার জোরালো দাবি জানানো হয়েছে। সূত্র মারফত খবর, ইপিএফও-র হাতে পর্যাপ্ত উদ্বৃত্ত তহবিল রয়েছে, যা বর্তমান সুদের হার বজায় রাখতে সহায়ক হবে। তবে বাজারের অস্থিরতা বিচার করে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা ২ মার্চ বিকেলের পরেই স্পষ্ট হবে।
পেনশন এবং অন্যান্য সংস্কার: সুদের হার ছাড়াও এই বৈঠকে ‘ইপিএস-৯৫’ প্রকল্পের অধীনে ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করতে ইউপিআই (UPI) ভিত্তিক নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক ঘোষণাও হতে পারে এই বৈঠকে। সব মিলিয়ে মার্চের শুরুতেই পিএফ গ্রাহকদের জন্য একগুচ্ছ বড় খবর আসার সম্ভাবনা রয়েছে।