সাবিনা ইয়াসমিনের উস্কানিতেই কি বিচারক ঘেরাও? বিস্ফোরক ভিডিও ঘিরে তোলপাড় মালদহ

মালদহের কালিয়াচকে সাত বিচারককে ঘণ্টার পর ঘণ্টা পণবন্দি করে রাখার ঘটনায় এবার সরাসরি তৃণমূলের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিনের দিকে আঙুলের তুলল বিজেপি। শুক্রবার সকালে তদন্তের জন্য এনআইএ (NIA) টিম কালিয়াচকে পৌঁছনোর মাঝেই একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

অমিত মালব্যের দাবি, বিচারকদের ওপর হামলার ঠিক কয়েক ঘণ্টা আগেই সাবিনা ইয়াসমিনকে একদল সমর্থকের সঙ্গে উস্কানিমূলক প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। ভিডিওটি এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করে মালব্য লিখেছেন, “এখন আর এই সব পোস্ট সরিয়ে লাভ নেই, সব প্রমাণ আমাদের কাছে আছে।” বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও সুর চড়িয়ে দাবি করেছেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই সাবিনা এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।

পালটা জবাব দিতে ছাড়েননি সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী আমাকে বরাবরই খুব ভয় পায়। ভোট এলেই ওর এই ভয় বেড়ে যায়। ওর এই ভয় পাওয়াটা আমার বেশ ভালোই লাগছে।” তবে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কড়া বার্তার পর এই ভাইরাল ভিডিও তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy