প্যান কার্ড (PAN Card) নিয়ে দেশজুড়ে বড়সড় বদলের ঘণ্টা বেজে গেল। আপনি কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার কথা ভাবছেন? তবে আপনার জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল, অর্থাৎ ১ এপ্রিল ২০২৬ থেকে প্যান কার্ড আবেদনের পুরনো সব নিয়ম ও ফর্ম বাতিল হতে চলেছে। আয়কর দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, এতদিন প্যান কার্ডের আবেদনের জন্য যে ‘ফর্ম ৪৯এ’ (Form 49A) বা ‘ফর্ম ৪৯এএ’ (Form 49AA) ব্যবহার করা হতো, তা কাল থেকে আর বৈধ থাকবে না।
আয়কর বিভাগ সূত্রে খবর, ডিজিটাল ইন্ডিয়া অভিযানের অংশ হিসেবে এবং জালিয়াতি রুখতে আবেদনের প্রক্রিয়ায় এই বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়মে আধার কার্ডের (Aadhaar Card) তথ্য যাচাই প্রক্রিয়াকে আরও বাধ্যতামূলক ও কঠোর করা হয়েছে। যারা এখনও প্যান কার্ড তৈরি করেননি বা তথ্য সংশোধন করতে চাইছেন, তাদের নতুন ফরম্যাটে আবেদন করতে হবে। পুরনো ফর্মে আবেদন জমা দিলে তা সরাসরি বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আধার ও প্যানের সংযোগ প্রক্রিয়াকে আরও নিশ্ছিদ্র করতেই এই পদক্ষেপ। ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সাথে সাথেই এই নিয়ম কার্যকর হবে। এর ফলে প্যান কার্ড জালিয়াতি কমবে এবং একজন ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড থাকার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হবে। তাই যারা এখনো প্যান কার্ডের জন্য আবেদন করেননি, তারা আজ রাতের মধ্যেই পুরনো পদ্ধতিতে চেষ্টা করতে পারেন, নতুবা কাল থেকে সম্পূর্ণ নতুন এবং কঠোর আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।