মধ্যপ্রদেশ ও হরিয়ানার ভয়াবহ স্মৃতি এবার খাস কলকাতায়। নিউটাউনের নামী আবাসন ‘সাপুরজি সুখবৃষ্টি’-তে দূষিত পানীয় জল পান করে প্রবল অসুস্থ হয়ে পড়েছেন শিশু, মহিলা ও বৃদ্ধসহ বহু বাসিন্দা। গত কয়েকদিন ধরে বাসিন্দাদের মধ্যে বমি, জ্বর এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেওয়ায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। অভিযোগের আঙুল আবাসনের রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দিকে।
বাসিন্দাদের দাবি, বিশেষ করে ‘ই-ব্লক’-এর অবস্থা শোচনীয়। পানীয় জল থেকে পচা গন্ধ বেরোচ্ছে এবং জলের রঙ হয়ে গিয়েছে হলুদাভ। স্থানীয় বাসিন্দা বনশ্রী নাগ জানান, গত তিন বছর ধরে আবাসনের রিজার্ভার বা পাইপলাইন পরিষ্কার করা হয়নি, যার ফলে তাঁর দেড় বছরের সন্তানও এখন শয্যাশায়ী। অন্য এক বাসিন্দা সুধীর মণ্ডলের দুই মেয়ে বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পরিস্থিতি বেগতিক দেখে মঙ্গলবারই আবাসনে বিশেষ মেডিকেল ক্যাম্প বসিয়েছে নিউটাউন কলকাতা উন্নয়ন পরিষদ (NKDA)। সংস্থার পক্ষ থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে NKDA-এর দাবি, সরকারি সরবরাহকৃত জলে সমস্যা নেই; সমস্যা রয়েছে আবাসনের নিজস্ব রিজার্ভারে। ইতিমধ্যেই শতাধিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের ইঁদোরে দূষিত জলে ২১ জন এবং হরিয়ানায় ১২ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় যাতে তেমন কোনো বিপর্যয় না ঘটে, তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু করেছে প্রশাসন।