দীর্ঘ সাত বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে ভারতের বন্দরে ভিড়তে চলেছে ইরান থেকে আসা অপরিশোধিত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় গতিবিধি নজরদারি সংস্থা ‘Kpler’ এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, ‘জয়া’ নামক একটি বিশাল তেলের ট্যাঙ্কার চিনের অভিমুখে যাত্রা শুরু করলেও মাঝপথে মুখ ঘুরিয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে রওনা দিয়েছে। চলতি সপ্তাহেই জাহাজটি বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে।
২০১৯ সালে আমেরিকার নিষেধাজ্ঞার পর ভারত ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সম্প্রতি পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা এবং আমেরিকার পক্ষ থেকে কিছু বিধিনিষেধ শিথিল হতেই ফের ইরানের তেলের দরজা খুলল দিল্লির জন্য। জানা গেছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) এই তেলের বরাত দিয়েছে। জর্ডান থেকেও আরও একটি ট্যাঙ্কার ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর।
বাজার বিশেষজ্ঞদের মতে, ইরান থেকে সুলভ মূল্যে তেল আমদানি শুরু হলে ভারতের বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা আসবে। গত ৪০ দিনের যুদ্ধে হরমুজ প্রণালীতে জোগান ব্যাহত হওয়ায় যে সঙ্কট তৈরি হয়েছিল, এই পদক্ষেপ তা দূর করতে সহায়ক হবে। বর্তমানে জলপথে ইরানের প্রায় ১৮ কোটি ব্যারেল তেল মজুত রয়েছে, যার বড় একটি অংশ ভারতের শোধনাগারগুলোতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।





