হোলির আনন্দ শুরু হওয়ার আগেই মদ্যপ দুই যুবকের তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার পাটুলি থানা এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় সরকারি বোর্ড লাগানো একটি গাড়ি নিয়ে এলাকায় এসে বেপরোয়া আচরণ শুরু করে দুই যুবক। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে প্রথমে একটি ক্যাফের সামনে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা মারে তারা।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তর্কাতর্কি চলাকালীন অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে গাড়ি ঘুরিয়ে এক স্কুটার আরোহী মহিলাকে সজোরে ধাক্কা মারে। ঘটনার অভিঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই মহিলা। তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্তদের গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পাটুলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। সরকারি বোর্ড লাগানো গাড়িটি কার এবং সেটি কীভাবে ব্যক্তিগত তাণ্ডবে ব্যবহৃত হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।