পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় নিজেদের আধিপত্য কায়েম করতে এবার ‘সন্দেশখালি’কে তুরুপের তাস করল ভারতীয় জনতা পার্টি। আগামী ২ মার্চ সন্দেশখালি থেকেই জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই জেলা থেকে যাত্রার সূচনার জন্য সন্দেশখালিকেই বেছে নিল গেরুয়া শিবির? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর নেপথ্যে রয়েছে গভীর ভোট রাজনীতি এবং রণকৌশল।
সন্দেশখালি একসময় সংবাদের শিরোনামে এসেছিল নারী নিগ্রহ এবং জমি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগে। শাহজাহান শেখ এবং তাঁর অনুগামীদের দাপট থেকে শুরু করে সাম্প্রতিক গণ-আন্দোলন— এই জনপদ এখন প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিজেপি চাইছে এই প্রতিবাদের আঁচকেই পুরো জেলায় ছড়িয়ে দিতে। সন্দেশখালি থেকে যাত্রা শুরু করার মাধ্যমে দল বার্তা দিতে চাইছে যে, তাঁরা প্রান্তিক মানুষের অধিকার এবং সুরক্ষার লড়াইয়ে সব সময় পাশে আছে। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য এই কর্মসূচিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নয়। ঘাসফুল শিবিরের দাবি, বহিরাগতদের নিয়ে এই যাত্রা সাধারণ মানুষের মনে কোনো প্রভাব ফেলবে না। তবে ২ মার্চ সন্দেশখালি থেকে শুরু হতে চলা এই মেগা শো-কে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা প্রশাসনের অন্দরে চাঞ্চল্য শুরু হয়েছে।