ভূস্বর্গে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ছয় পর্যটক। শুক্রবার শ্রীনগরের হায়দারপোরা এলাকার একটি নবনির্মিত হোটেলে লিফট ছিঁড়ে নিচে পড়ে যাওয়ায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের সদস্যরা। আহতদের মধ্যে নারী ও কিশোরীও রয়েছেন। এই ঘটনায় পর্যটন কেন্দ্রগুলোর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আহত ছয় পর্যটকই কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা। তাঁদের পরিচয় মিলেছে— ভেঙ্কটেশ (৬৫), ডি. মাঙ্গুলা (৫৪), কুশাল্লা (১৮), পঙ্কজা (১৬), ভেঙ্কটলক্ষ্মাম্মা (৬০) এবং সৌভাগ্য (৬০)। তাঁরা সকলে ওই হোটেলেই অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লিফটে করে নামার সময় আচমকাই যান্ত্রিক গোলযোগ ঘটে এবং সেটি সজোরে নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনায় পর্যটকদের পা ও শরীরের নিচের অংশে গুরুতর চোট লেগেছে।
আহতদের দ্রুত উদ্ধার করে বারজুল্লার অস্থি ও সন্ধি (Bone and Joint) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে হোটেল কর্তৃপক্ষ এখনও মুখে কুলুপ এঁটেছে। যান্ত্রিক ত্রুটি নাকি রক্ষণাবেক্ষণের অভাব, তা খতিয়ে দেখতে প্রশাসন তদন্ত শুরু করেছে।





