নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বাংলার রাজনৈতিক মহলে প্রশ্ন ছিল— কবে প্রচারে নামবেন নরেন্দ্র মোদী? অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে দিনক্ষণ জানাল গেরুয়া শিবির। আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভার মাধ্যমেই বাংলায় নির্বাচনী প্রচারের শঙ্খনাদ করবেন প্রধানমন্ত্রী।
বিজেপি সূত্রে খবর, গত ১৪ মার্চ ব্রিগেডের সভার পর থেকেই মোদীর আগমনের অপেক্ষায় ছিল বঙ্গ বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গ, যা ২০১৯ সাল থেকেই পদ্ম শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখান থেকেই প্রচার শুরুর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২৩ ও ২৯ এপ্রিল উত্তরবঙ্গের আসনগুলোতে ভোট গ্রহণ। তাই প্রথম দফার ভোটের আগে ভোটারদের মন জয় করতে উত্তরবঙ্গকেই পাখির চোখ করেছেন মোদী। এর আগে রামনবমীতে প্রচার শুরুর জল্পনা থাকলেও, ৫ এপ্রিলকেই চূড়ান্ত করেছে দল। অন্যদিকে, আজই রাজ্যে পা রাখছেন অমিত শাহ, যা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিল।