শান্তিনিকেতনের বুকে এক অনন্য শিল্প উৎসবের আবহ। বিশ্বখ্যাত শিল্পী ও কলাভবনের কিংবদন্তি অধ্যাপক কে জি সুব্রহ্মণ্যনের জন্মদিন এবং ‘কৃত্তিকা আর্ট স্পেস’-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী— ‘লুকিং ব্যাক টু লুক ফরোয়ার্ড’। যে সংস্থার নামকরণ করেছিলেন খোদ সুব্রহ্মণ্যন, তাঁর স্মৃতিতেই এবার তিন প্রজন্মের শিল্প ঐতিহ্যকে এক সুতোয় গেঁথেছে কৃত্তিকা কর্তৃপক্ষ। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শৈল্পিক মহোৎসব।
এই প্রদর্শনীর প্রধান আকর্ষণ হলো ভারতীয় আধুনিক শিল্পের বিবর্তনের ছবি। আচার্য নন্দলাল বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজ, রানি চন্দ এবং দিনকর কৌশিকের মতো দিকপাল শিল্পীদের দুষ্প্রাপ্য ছবি ও ভাস্কর্য সাজিয়ে রাখা হয়েছে এখানে। তবে প্রদর্শনীর সবথেকে বড় চমক হলো শিল্পী সুরেন দে-র ভাস্কর্য। উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্রথমবার সুরেন দে-র একাধিক কালজয়ী ভাস্কর্য একসঙ্গে সাধারণ মানুষের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ঐতিহ্যের পাশাপাশি বর্তমান সময়ের বিশিষ্ট শিল্পীদের কাজও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল শান্তিনিকেতনে। উপস্থিত ছিলেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্ত গুপ্ত, প্রাক্তন কর্মসচিব মনিমুকুট মিত্র এবং বিশিষ্ট সাংবাদিক ধ্রুবজ্যোতি নন্দী। এছাড়াও কলাভবনের প্রাক্তনী ও অধ্যাপক নন্দদুলাল মুখোপাধ্যায় ও প্রবীর বিশ্বাস-সহ একাধিক গুণীজন উপস্থিত থেকে এই আয়োজনকে সমৃদ্ধ করেন। আধুনিক শিল্পের বিবর্তনের সাক্ষী থাকতে পর্যটক ও শিল্পপ্রেমীদের ভিড় এখন কৃত্তিকা আর্ট স্পেসের আঙিনায়।