শহর কলকাতায় ফের নিরাপত্তার অভাব প্রকট করে সামনে এল দুই নাবালিকা নির্যাতনের শিউরে ওঠা ঘটনা। বাগুইআটি এবং কসবা এলাকায় গত কয়েকদিনে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
বাগুইআটির ঘটনায় এক ১১ বছরের স্কুলছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে মেয়েটি অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়লে মায়ের সন্দেহ হয়। ঘটনার গভীরে গিয়ে মা জানতে পারেন যে, প্রতিবেশী পাঁচজন নাবালক মেয়েটির ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে। গত রবিবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেই পুলিশ ওই পাঁচ নাবালককে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতরা নাবালক হওয়ায় তাদের সরকারি হোমে রাখা হয়েছে এবং সোমবার বিধাননগর জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়েছে।
অন্যদিকে, কসবা এলাকাতেও এক প্রতিবেশীর বিরুদ্ধে এক নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনাতেও অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আলিপুর আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়েছে কসবা থানা। দুটি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং নির্যাতনের শিকার নাবালিকাদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। মহানগরের বুকে ঘটে যাওয়া এই জোড়া কাণ্ডে শিশুদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হল।