রাজ্যে ভোটের উত্তাপ এখন তুঙ্গে। শনিবার প্রচারের ময়দানে ‘সুপার স্যাটারডে’র মেজাজে ঘাসফুল শিবির। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচি, অন্যদিকে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর জেলা কাঁপাতে ময়দানে নেমেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ফরাক্কা ও সামশেরগঞ্জে প্রার্থীর সমর্থনে রোড শো’য়ে কার্যত জনজোয়ারে ভাসলেন তিনি।
অভিষেকের ঠাসা কর্মসূচি:
তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’-এর আজকের তালিকায় রয়েছে তিনটি বড় জনসভা এবং একটি মেগা রোড শো। বর্তমানে মুর্শিদাবাদ-জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে ফরাক্কার আল-আমান শিক্ষা মিশন গ্রাউন্ড থেকে জিগরি মোড় পর্যন্ত বিশাল রোড শো করছেন অভিষেক। ফরাক্কার প্রার্থী আমিরুল ইসলাম এবং সামশেরগঞ্জের প্রার্থী মহম্মদ নূর আলমের সমর্থনে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে।
জনসমুদ্রে ‘তৃণমূল সেনাপতি’:
রাস্তার দুই ধারে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে কখনো হাত নেড়ে, কখনো আবার করজোড়ে সাধারণ মানুষের আশীর্বাদ নিচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। মুর্শিদাবাদের সংখ্যালঘু প্রধান এই এলাকাগুলোতে তৃণমূলের মাটি কতটা শক্ত, এদিনের ভিড় যেন তারই ইঙ্গিত দিচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, প্রথম দফার ভোটের ঠিক আগে প্রচারের শেষ মুহূর্তে কোনো খামতি রাখতে চাইছে না জোড়াফুল শিবির। মমতা ও অভিষেকের এই জোড়া আক্রমণের রণকৌশল বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।





