ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বায়ুসেনার শক্তি বহুগুণ বাড়াতে রাশিয়ার থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ (Sukhoi Su-57) কেনার তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর, ভারত প্রায় ৪০টি এই অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ‘AMCA’ আসতে এখনও প্রায় এক দশক দেরি, তাই আকাশপথে আধিপত্য বজায় রাখতে সুখোই-৫৭ হতে পারে ভারতের সেরা অস্ত্র।
কেন এই বিমান এত বিপজ্জনক?
সুখোই-৫৭-এর প্রধান শক্তি হলো এর ‘স্টিলথ’ প্রযুক্তি, যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে অনায়াসেই আকাশসীমায় ঢুকে পড়তে পারে। এটি শব্দের চেয়ে ১০ গুণ দ্রুত গতিসম্পন্ন ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং হিমালয়ের অতি উচ্চতায় (২০ হাজার মিটার) যুদ্ধের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়াও এটি ‘সুপারক্রুজ’ ক্ষমতা সম্পন্ন, যা জ্বালানি সাশ্রয় করে ৩,৫০০ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। সবথেকে বড় চমক হলো, রাশিয়া এই বিমান ভারতেই তৈরির প্রস্তাব দিয়েছে, যা মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।