অ্যাপল মানেই আভিজাত্য, আর সেই আভিজাত্যে এবার যোগ হচ্ছে রঙের বাহার। দীর্ঘদিনের ধূসর বা সিলভার রঙের একঘেয়েমি কাটিয়ে এবার রঙিন অবতারে ধরা দিতে পারে ম্যাকবুক। টেক জায়ান্ট অ্যাপল তাদের আগামী ইভেন্টে, অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসেই লঞ্চ করতে পারে এক নতুন বাজেট-ফ্রেন্ডলি ল্যাপটপ। জল্পনা শোনা যাচ্ছে, এই ল্যাপটপটি লাইট ইয়োলো (হলুদ), লাইট গ্রিন (সবুজ), ব্লু (নীল), এবং পিঙ্ক (গোলাপি) এর মতো ‘প্লেফুল’ রঙে মিলবে।
ব্লুমবার্গের মার্ক গারম্যানের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই নতুন ম্যাকবুকটি মূলত পড়ুয়া এবং সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। এর সবচেয়ে বড় চমক হলো এর প্রসেসর। প্রচলিত ‘M-Series’ চিপের বদলে এতে আইফোন ১৬ প্রো-তে ব্যবহৃত ‘A18 Pro’ চিপ সেট ব্যবহার করা হতে পারে। এতে ল্যাপটপের কার্যক্ষমতা যেমন বজায় থাকবে, তেমনি দামও থাকবে সাধারণের নাগালে। রিপোর্ট বলছে, এর দাম ১০০০ ডলারের নিচে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকার মধ্যে হতে পারে।
১৩ ইঞ্চির থেকে কিছুটা ছোট ডিসপ্লের এই বাজেট ল্যাপটপে অ্যালুমিনিয়াম চ্যাসিস ব্যবহার করা হয়েছে, যা অ্যাপলের প্রিমিয়াম লুক বজায় রাখবে। যদিও দাম কমাতে ইউএসবি পোর্ট এবং ডিসপ্লে প্যানেলে কিছুটা আপস করা হতে পারে, তবুও অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা এতে থাকবে বলেই মনে করা হচ্ছে। উইন্ডোজ ল্যাপটপ এবং ক্রোমবুকের একাধিপত্য কমাতে অ্যাপলের এই ‘কালারফুল’ চাল বাজারে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।