লোকপালকে কড়া বার্তা, ৭০ লাখি BMW নয়, ‘মেক ইন ইন্ডিয়া’ EV-তেই চড়ুন, নজির গড়ে নিজের জন্য কী কিনলেন অমিতাভ কান্ত?

নয়াদিল্লি: লোকপালের সদস্যদের জন্য সাতটি বিলাসবহুল BMW গাড়ি কেনার টেন্ডার নিয়ে দেশজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই নিজের জন্য একটি ‘মেক ইন ইন্ডিয়া’ ইলেকট্রিক ভেহিক্যালে (EV) সুইচ করে বড় বার্তা দিলেন প্রাক্তন NITI Aayog-এর সিইও অমিতাভ কান্ত।

এক্স (পূর্বে টুইটার)-এ একটি পোস্টে তিনি তাঁর নতুন গাড়ি, মহিন্দ্রা XEV9-এর ছবি শেয়ার করে জানান, “আমি সদ্য মহিন্দ্রা XEV9-এ সুইচ করেছি। এটা সম্পূর্ণভাবে বর্ন ইলেকট্রিক মোবিলিটি ধারণাকে তুলে ধরে। এর ডিজাইন অত্যন্ত উদ্ভাবনী, অত্যাধুনিক EV প্রযুক্তি এবং ড্রাইভিং পারফর্ম্যান্সও চমৎকার।”

তিনি আরও যোগ করেন, “যারা BMW কিনতে চাইছেন, তাদের ‘মেক ইন ইন্ডিয়া’ EV-র অভিজ্ঞতায় স্যুইচ করা উচিত। এটা আপনাকে অন্য স্তরে নিয়ে যাবে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি লোকপালের গাড়ি কেনার সিদ্ধান্তের সমালোচনা করলেন এবং দেশীয় প্রযুক্তির প্রতি সমর্থন জানালেন।

অমিতাভ কান্ত আরও বলেন, “সবুজ ভবিষ্যতের দিকে ভারতের এই যাত্রায় #MakeInIndia উদ্ভাবন এবং উৎপাদনে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। EVs-এ এই পরিবর্তন শুধুমাত্র গাড়ি নিয়ে নয়, এটি পরিচ্ছন্ন বায়ু, উন্নত প্রযুক্তি এবং একটি শক্তিশালী দেশীয় শিল্পের মাধ্যমে ভারতের অগ্রগতিকে চালিত করার বিষয়ে।”

উল্লেখ্য, দুর্নীতি দমনকারী সংস্থা লোকপাল সম্প্রতি তার চেয়ারম্যান ও ৬ জন সদস্যের জন্য ৭টি BMW 330 Li (লং হুইল বেস) বিলাসবহুল সেডান কেনার জন্য টেন্ডার আহ্বান করে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৭০ লক্ষ টাকা। জনস্বার্থের টাকায় এমন বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই বিতর্কের শুরুতেই কান্ত টেন্ডার বাতিল করে টাটা হ্যারিয়ার ইভি বা মহিন্দ্রার মতো দেশীয় সংস্থাগুলির ইলেকট্রিক গাড়ি কেনার পরামর্শ দিয়েছিলেন। এবার নিজেই সেই দৃষ্টান্ত স্থাপন করলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy