প্রযুক্তি শুধু উন্নয়নের মাধ্যম নয়, তা হতে হবে দায়বদ্ধ ও স্বচ্ছ। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ‘M.A.N.A.V.’ (মানবকেন্দ্রিক, দায়িত্বশীল ও স্বচ্ছ) ভিশনকে সামনে রেখে এবার বড় পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর লক্ষ্য, উত্তরপ্রদেশকে দেশের ‘AI ক্যাপিটাল’ হিসেবে গড়ে তোলা।
এই পরিকল্পনার অধীনে লখনউতে তৈরি হচ্ছে দেশের প্রথম ‘AI সিটি’, যা বিশ্বমানের স্টার্টআপ এবং গবেষণার পীঠস্থান হয়ে উঠবে। শুধু তাই নয়, উন্নাওতে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে দেশের প্রথম AI-চালিত বহুবিষয়ক বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর দাবি, ‘AI প্রজ্ঞা’ উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি যুবক-যুবতীকে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করা হবে, যাতে তাঁরা প্রযুক্তির নিছক ব্যবহারকারী না হয়ে নির্মাতা হয়ে উঠতে পারেন।
প্রশাসনের পাশাপাশি কৃষিক্ষেত্রেও বড় বদল আনছে যোগী সরকার। রাজ্যের ১০ লক্ষেরও বেশি কৃষক পরিবার এখন ফসলের পূর্বাভাস ও মাটির গুণমান বিশ্লেষণে AI-এর সাহায্য নিচ্ছেন। রাজস্ব থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা—প্রশাসনের প্রতি স্তরে স্বচ্ছতা আনতে ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর MANAV ভিশন মেনে উত্তরপ্রদেশ এখন এমন এক প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরিতে ব্যস্ত, যেখানে উদ্ভাবন হবে সুরক্ষিত এবং সার্বজনীন।