বাংলায় ভোটের দামামা বাজতেই বাড়ছে রাজনৈতিক পারদ। মমতা সরকারের জয়ের অন্যতম তুরুপের তাস ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে এবার বড়সড় শোরগোল পড়ে গেল রাজ্যজুড়ে। সম্প্রতি ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ জাতিভুক্ত মহিলাদের জন্য ১৫০০ এবং তপশিলিদের জন্য ১৭০০ টাকা করা হলেও, চলতি এপ্রিল মাসে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে মাত্র ৫০০ টাকা ঢুকেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এই নিয়ে রাজ্যবাসীর মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন। যেখানে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এই ভাতার ওপর নির্ভরশীল, সেখানে কেন টাকার অঙ্কে এই গরমিল? বিশেষজ্ঞরা মনে করছেন, এর পেছনে কোনো বড় নীতিগত পরিবর্তন নয়, বরং ‘টেকনিক্যাল ইস্যু’ বা কারিগরি ত্রুটি থাকার সম্ভাবনা প্রবল। অনেকের ক্ষেত্রে আবার মার্চের শেষে অগ্রিম ১০০০ টাকা ঢুকে যাওয়ায় এপ্রিলে বাকি ৫০০ টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে।
সাধারণত প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এই ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে এই মাসের অসম্পূর্ণ পেমেন্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও আশার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যান্ত্রিক ত্রুটি দ্রুত মিটে গেলে বা কিস্তির হিসেবে বাকি টাকা খুব শীঘ্রই এই মাসের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসবে। ফলে সাময়িক দুশ্চিন্তা থাকলেও, ভাতা বন্ধ হওয়ার কোনো আশঙ্কা আপাতত নেই।





