ছাব্বিশের বিধানসভা যুদ্ধের দামামা বাজার ঠিক আগেই বাংলার নারীদের জন্য ঝুলি উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাসিক অনুদান আরও ৫০০ টাকা বাড়ানো হচ্ছে। সবচেয়ে বড় চমক হলো, এই বর্ধিত টাকা পেতে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না; চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকতে শুরু করবে।
নতুন অংকে কত টাকা পাবেন মহিলারা? বাজেট প্রস্তাব অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের নয়া কাঠামো নিচে দেওয়া হলো:
-
সাধারণ জাতি (General/OBC): ১,০০০ টাকার পরিবর্তে এখন থেকে পাবেন ১,৫০০ টাকা।
-
তফশিলি জাতি ও উপজাতি (SC/ST): ১,২০০ টাকার বদলে সরাসরি পাবেন ১,৭০০ টাকা।
রাজ্য সরকার জানিয়েছে, বর্তমানে প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা এই সুবিধার আওতায় রয়েছেন। আবেদনের ভিত্তিতে আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলাকে নতুন করে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ, মোট ২ কোটি ৪২ লক্ষ মহিলার জন্য বছরে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম প্রধান ‘তুরুপের তাস’ ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। এবার ছাব্বিশের লড়াইয়ের আগে এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মহিলা ভোটারদের মন জয় করতে চাইছেন। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটের আগেও এই অনুদান বাড়ানো হয়েছিল। এবারের বাজেটে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি এবং বেকারদের জন্য ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের অধীনে মাসিক ১,৫০০ টাকা ভাতার ঘোষণাও রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।