রেলে বিরাট ধামাকা! শিলিগুড়ি-বারাণসী রুটে ছুটবে বুলেট ট্রেন? বাংলার জন্য রেকর্ড বরাদ্দ মোদী সরকারের

ভারতীয় রেলের ভোলবদলে এবার কোমর বেঁধে নামল কেন্দ্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাজেটে রেলের জন্য মোট ২,৭৮,০০০ কোটি টাকার রেকর্ড বরাদ্দের কথা ঘোষণা করেছেন। এই বিপুল অঙ্কের বড় একটি অংশ আসছে বাংলায়। রাজ্যের রেল পরিকাঠামোকে ঢেলে সাজাতে পশ্চিমবঙ্গ পাচ্ছে ১৪,২০৫ কোটি টাকা।

শিলিগুড়ি-বারাণসী হাই-স্পিড করিডোর: সবচেয়ে বড় চমক উত্তরবঙ্গের জন্য! বারাণসী থেকে পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত তৈরি হতে চলেছে একটি উচ্চ-গতি সম্পন্ন করিডোর (High-speed Corridor)। ভবিষ্যতে এই পথেই বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। শুধু তাই নয়, এই করিডোরটি পরে গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করা হবে, যা গোটা উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে।

ডানকুনি-সুরাট ফ্রেট করিডোর: শিল্প ও বাণিজ্যের প্রসারে রেলমন্ত্রী ঘোষণা করেছেন ‘ডানকুনি-সুরাট ফ্রেট করিডোর’-এর কথা। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, ছত্তিশগড় হয়ে মহারাষ্ট্র ও গুজরাট পর্যন্ত বিস্তৃত হবে এই মালবাহী করিডোর। এর ফলে পণ্য পরিবহনের সময় যেমন কমবে, তেমনই শক্তিশালী হবে পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো।

মেট্রো ও স্টেশনের আধুনিকীকরণ: কলকাতার মুকুটে জুড়ছে নতুন পালক। রেলমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানান, ১৯৭২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যেখানে মাত্র ২৭ কিমি মেট্রো লাইন হয়েছিল, সেখানে গত ১১ বছরে আরও ৪৫ কিমি নতুন লাইন যুক্ত হয়েছে। এর পাশাপাশি, ‘অমৃত স্টেশন প্রকল্পের’ অধীনে পশ্চিমবঙ্গের ১০০টিরও বেশি স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলার কাজ দ্রুতগতিতে চলছে।

যাত্রী সুবিধার কথা মাথায় রেখে গত এক বছরে বাংলায় এক ডজনেরও বেশি নতুন ট্রেন চালু করা হয়েছে। সব মিলিয়ে, বুলেট ট্রেনের স্বপ্ন থেকে শুরু করে আধুনিক স্টেশন— রেলের হাত ধরে এক নতুন যুগের অপেক্ষায় বাংলা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy