রেকর্ড ১০ বার মুখ্যমন্ত্রী থাকার পর দিল্লি পাড়ি! বড় চালে বিহারের রাজনীতি ওলটপালট করলেন নীতীশ

বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদলের মহেন্দ্রক্ষণ উপস্থিত। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন। নয়াদিল্লির সংসদ ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণ। এই শপথগ্রহণের মাধ্যমে পাটনার মসনদ ছেড়ে নীতীশের দিল্লি যাত্রা এখন সময়ের অপেক্ষা মাত্র।

গত মার্চ মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর নীতীশ কুমার ইতিমধ্যেই বিহার বিধান পরিষদের সদস্যপদ ত্যাগ করেছেন। জেডিইউ সূত্রের খবর, পাটনায় ফিরেই তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন। ২০০৫ সাল থেকে টানা বিহার শাসন করা ৭৫ বছর বয়সী এই নেতার বিদায়ে রাজ্যে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী আসার পথ প্রশস্ত হলো। সাম্প্রতিক নির্বাচনে বিপুল জয়ের পর বিজেপিই এখন বিহারের বৃহত্তম শক্তি।

‘সুশাসন বাবু’ নামে পরিচিত নীতীশ কুমারের এই পদক্ষেপে অবাক রাজনৈতিক মহল। বারবার রাজনৈতিক শিবির বদল নিয়ে সমালোচিত হলেও, বিহারের পরিকাঠামো উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। ঘনিষ্ঠ মহলের দাবি, জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা নিতেই নীতীশ রাজ্যসভাকে বেছে নিয়েছেন। তবে বিরোধীদের মতে, তাঁর এই সিদ্ধান্ত বিহারের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ঠেলে দিল। এনডিএ শিবিরের পরবর্তী আলোচনার পরই ঠিক হবে বিহারের নতুন ‘ক্যাপ্টেন’ কে হচ্ছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy