মালদহের কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও জাতীয় সড়ক অবরোধের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার এই ইস্যুতে সুপ্রিম কোর্ট কড়া মনোভাব দেখানোর পর সাগরদিঘির জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের ঘটনার দায় সরাসরি নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে তিনি বলেন, “এখন প্রশাসন বা আইনশৃঙ্খলা আমার হাতে নেই, সবটাই অমিত শাহর কথায় চলছে। রাজ্যে আসলে সুপার রাষ্ট্রপতি শাসন চলছে।”
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাতে এক সাংবাদিকের কাছ থেকে তিনি বিচারকদের আটকে রাখার খবর পান, প্রশাসন তাঁকে কিছুই জানায়নি। এই অশান্তিকে বিজেপির ‘গেমপ্ল্যান’ আখ্যা দিয়ে তিনি নাম না করে আসাদউদ্দিন ওয়েইসি ও হুমায়ুন কবীরকে আক্রমণ করেন। মমতা বলেন, “হায়দরাবাদ থেকে লোক এসে এখানকার গদ্দারদের হাতে টাকা দিচ্ছে। আপনারা প্ররোচনায় পা দেবেন না।” এনআরসি ও ডিটেনশন ক্যাম্পের আতঙ্ক উড়িয়ে দিয়ে তিনি শান্তিতে আন্দোলনের আর্জি জানান। তাঁর দাবি, কমিশন অফিসারদের বদলে দেওয়ায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীও একই সুরে জানিয়েছেন যে, যথেচ্ছ বদলির কারণে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়েছে।





