২০২৬ সালের ১৬ এপ্রিল দিনটি ভারতীয় রাজনীতির ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকল। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এদিন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিহারের বাঁকিপুর থেকে টানা ৫ বারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী নীতিন নবীনের হাতে এখন দলের কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব। শপথ গ্রহণ শেষে প্রবীণ বিজেপি নেতা অরুণ সিং তাঁকে উচ্চকক্ষে স্বাগত জানান।
বিহারে ঐতিহাসিক পটপরিবর্তন
বিহারের রাজনীতিতেও এদিন এক বিশাল পরিবর্তন ঘটেছে। দীর্ঘ ২০ বছর পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। ১৫ এপ্রিল, ২০২৬ তারিখে পাটনার লোক ভবনে রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন তাঁকে শপথবাক্য পাঠ করান। সম্রাট চৌধুরীই হলেন বিহারের ইতিহাসে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।
নতুন মন্ত্রিসভা ও জোটের সমীকরণ
এনডিএ জোটের ভারসাম্য বজায় রাখতে নীতীশ মন্ত্রিসভার দুই অভিজ্ঞ মুখ বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরী উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সম্রাট চৌধুরীর সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো নীতীশ কুমারের ‘সুশাসন’ বা গুড গভর্নেন্স-এর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ২০২৫-এর বিধানসভা নির্বাচনের সাফল্যকে ধরে রাখা।





