ভালবাসার মাসে প্রেমের বার্তা নিয়ে হাজির ‘হুলিগানইজম’। অনুজয় চট্টোপাধ্যায় ও সুচরিতা মান্নার রসায়নে দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে ‘এক মিনিটের চুমু’ গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তবে এই গান কেবলই প্রেমের কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন শিল্পী নিজেই। দেবরাজ বলছেন, “প্রেম কি রাজনীতি বর্জিত? আমরা চাই না হুলিগানইজম মানেই মানুষ শুধু রাজনৈতিক গান বুঝুক।”
দলের অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্যের নাম জড়িয়েছে ‘ব্যান’ বিতর্কে, বাতিল হয়েছে শো। এই প্রতিকূল পরিস্থিতিতে দেবরাজ স্পষ্ট জানালেন, এখন অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। ইন্ডাস্ট্রিতে শিল্পীকে ব্যান করার সংস্কৃতি আগে কখনও শোনেননি তিনি। তবে এই সমস্ত বাধা পেরিয়ে ‘হুলিগানইজম’ তাঁদের কাছে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা। নির্বাচনের আগে কি তবে ফের রাজনৈতিক প্যারোডি আসবে? দেবরাজের রহস্যময় হাসি বলছে, যখনই মনে হবে তাঁরা রাজনীতি থেকে সরে গিয়েছেন, তখনই আসবে বড় কোনো চমক। আপাতত প্রেমের জোয়ারে ভাসলেও, ‘হুলিগানইজম’-এর তুরুপের তাস তোলা থাকছে মঞ্চের জন্যই।