উৎসবের রঙ নিমেষেই ফিকে হয়ে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দুই পুলিশ কর্মীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই দোলের দিন দুপুরে হুগলির গোঘাটে প্রাণ হারালেন আরও দুই যুবক। মৃতদের নাম শ্রীমন্ত রায় (২৬) এবং শ্রীমন্ত ভুঁই (২৭)। তাঁদের বাড়ি গোঘাটের শাওড়া এলাকায়। এই ঘটনায় আরও ১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাতারপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে একদল যুবক বাড়ি ফিরছিলেন। গোঘাটের হাজিপুরের করপুকুর এলাকায় দ্রুতগতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধারে হাত লাগান এবং পুলিশ এসে তাঁদের কামারপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, রেফার করার পর দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স না পাওয়ায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।