মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘের মাঝেই ভারতের জন্য এল চরম দুঃসংবাদ। আমেরিকা ও ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের বিষয়ে কোনো বিশেষ ছাড় দিতে অস্বীকার করল ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতের জন্য কোনো আলাদা চুক্তি বা বিশেষ ব্যবস্থাপনা করা হয়নি।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পণ্যবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান নমনীয় মনোভাব দেখাবে। কিন্তু সেই দাবিকে পুরোপুরি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইরান সরকার। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, জলপথের নিরাপত্তা এবং রণকৌশলগত কারণে কোনো নির্দিষ্ট দেশকে ছাড় দেওয়া সম্ভব নয়। এই ঘোষণার ফলে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলো এখন চরম ঝুঁকির মুখে। বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী ভারতের লাইফলাইন হিসেবে পরিচিত। ইরানের এই অনড় অবস্থান দিল্লির বিদেশ মন্ত্রকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় নাবিক ও পণ্যবাহী জাহাজগুলোর সুরক্ষা নিশ্চিত করা এখন মোদী সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।