মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা এবং ইজরায়েলের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘাত যখন তুঙ্গে, ঠিক সেই সময় নয়াদিল্লি থেকে বড় বয়ান দিলেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ফাতেহালি। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনও যুদ্ধ চায়নি, কিন্তু যুদ্ধ কতদিন চলবে এবং কবে শেষ হবে—সেই সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে তেহরানের হাতে।
ড. ফাতেহালি দাবি করেছেন, ইরান কোনো প্রতিবেশী দেশের ওপর হামলা চালায়নি। বরং প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকেই ইরানের ওপর প্রথম আঘাত হানা হয়েছিল। এর পাল্টায় ইরান শুধুমাত্র সেই নির্দিষ্ট ঘাঁটিগুলিকেই লক্ষ্যবস্তু করেছে। তিনি আরও এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, মার্কিন হামলায় ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন পড়ুয়া আক্রান্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রদূতের এই মন্তব্য আসলে এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি। তিনি বুঝিয়ে দিয়েছেন যে, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত থাকলেও আত্মরক্ষার প্রয়োজনে চরম পদক্ষেপ নিতে পিছপা হবে না। বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ওপর এই যুদ্ধের প্রভাব নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বিগ্ন, তখন ভারতের মাটি থেকে ইরানি রাষ্ট্রদূতের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।