ভাঙড়ের রাজনীতিতে ফের বড়সড় ভূমিকম্প! দীর্ঘদিনের তৃণমূল নেতা ও দাপুটে মুখ আরাবুল ইসলাম এবার আনুষ্ঠানিকভাবে সংস্রব ত্যাগ করলেন জোড়াফুলের সঙ্গে। দল ছাড়ার মুহূর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। আরাবুলের সাফ কথা, “যারা সাধারণ মানুষের রক্তের হোলি খেলেছে, তাদের নিয়েই মমতা এখন দল চালাচ্ছেন।”
তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই কি এই সিদ্ধান্ত? আরাবুল ইসলাম আজ স্পষ্ট ঘোষণা করেছেন যে, আজ থেকে তৃণমূলের কোনো স্তরের নেতা বা দলের কোনো কর্মসূচির সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না। শুধু তাই নয়, নিজের ভাবমূর্তি নিয়েও তিনি সরব হয়েছেন। তিনি জোর গলায় বলেন, “আমাকে তোলাবাজ অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমি তোলাবাজ নই। মানুষের কাজ করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয়েছি।”
ভাঙড়ের এই নেতার দলত্যাগে ওই এলাকায় তৃণমূলের সংগঠনে বড় ফাটল ধরার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা—বারবার শিরোনামে থাকা আরাবুল এখন কোন পথে পা বাড়ান, সেটাই দেখার। তবে তাঁর এই ‘রক্তের হোলি’ মন্তব্যে অস্বস্তিতে ঘাসফুল শিবির। আরাবুল কি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন নাকি নির্দল হিসেবেই নিজের শক্তি দেখাবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।