দিল্লির যন্তর মন্তরে আজ এক অভিনব এবং অদ্ভুত প্রতিবাদের সাক্ষী থাকল রাজধানী। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পথে নেমেছে ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে সরাসরি এই আন্দোলনে নেতৃত্ব দেন। পার্লামেন্ট স্ট্রিট থানার অনুমতি নিয়ে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের পরনে ছিল তেলাপোকার মুখোশ ও অদ্ভুত পোশাক, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রতিবাদ মঞ্চ থেকে অভিজিৎ দীপকে সাফ জানিয়ে দিয়েছেন, দেশের যুবসমাজ আর চুপ করে থাকবে না। তাঁর স্লোগান, “তেলাপোকা ভয় পায় না, তারা কখনো মরে না।” দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শাসনামলে লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে। আন্দোলনটি শুরু হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ হিসেবে। শুনানির সময় বিচারপতি কিছু তরুণকে ‘তেলাপোকা’র সাথে তুলনা করেছিলেন, সেই অপমানকে পুঁজি করেই অভিজিৎ দীপকে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল গড়ে তোলেন। রসিকতা থেকে শুরু হওয়া এই অনলাইন আন্দোলন এখন বাস্তব রাজনীতির কঠিন লড়াইয়ে পরিণত হয়েছে। গান্ধীবাদী অহিংস পদ্ধতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল এই ‘তেলাপোকা’ ব্রিগেড এখন দেশের অন্যতম আলোচিত বিষয়।





