মোদী-ট্রাম্পের কুশপুতুল দাহ! ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল কলকাতার হাজরা!

ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। সোমবার বিকেলে কলকাতার হাজরা মোড়ে এই চুক্তির প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল পুড়িয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ, এই চুক্তির মাধ্যমে ভারতের সার্বভৌমত্ব এবং কৃষকদের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতৃত্বের দাবি, ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়ায় একতরফাভাবে এই চুক্তির ঘোষণা করেছেন, অথচ ভারত সরকার এই বিষয়ে এখনও দেশের মানুষকে অন্ধকারে রেখেছে। তাঁদের আশঙ্কা, মার্কিন কৃষি পণ্য এবং অন্যান্য সামগ্রীর ওপর থেকে শুল্ক কমিয়ে দেওয়ায় ভারতের বাজার বিদেশি পণ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে। বিক্ষোভস্থলে স্লোগান ওঠে, “দেশ বিক্রি করা চলবে না।” কংগ্রেস কর্মীরা অভিযোগ করেন যে, ট্রাম্পের চাপে পড়ে মোদী সরকার এই ‘ট্র্যাপ ডিল’ বা ফাঁদে পা দিয়েছে, যার ফল ভুগতে হবে দেশের সাধারণ মানুষকে। হাজরা মোড়ে প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি, যার জেরে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এই মোড়ে যানজটের সৃষ্টি হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy