ভোটের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। পাল্লা দিয়ে বাড়ছে চৈত্র-বৈশাখের রোদের তাপ আর রাজনৈতিক উত্তাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বীরভূম সফরের মাত্র চার দিনের মাথায় আজ সেই একই মাঠে জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে ইরিগেশন কলোনির মাঠে এই সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে এই মাঠ থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘বোমা তৈরির কুটির শিল্প’ চালানোর অভিযোগ তুলে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। আজ সেই একই স্থান থেকে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কী ‘পাল্টা’ বার্তা দেন, তা শুনতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
রাজনৈতিক মহলের নজর এখন তৃণমূল নেত্রীর বক্তব্যের দিকে। বিশেষ করে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তিনি কী রণকৌশল সাজান, সেদিকেই তাকিয়ে ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। জনসভাকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে।





