জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম মিশো (Meesho) বড়সড় আইনি ঝামেলার মুখে। আয়কর দফতর সম্প্রতি এই সংস্থাকে প্রায় ১,৫০০ কোটি টাকার (১,৪৯৯.৭৩ কোটি টাকা) একটি ডিমান্ড নোটিশ পাঠিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের আয় সংক্রান্ত গরমিল এবং কর আয়ের অবমূল্যায়নের অভিযোগে আয়কর আইনের ১৪৩(৩) এবং ১৫৬ ধারার অধীনে এই নোটিশ জারি করা হয়েছে।
৫ মার্চ ২০২৬ তারিখে এই নোটিশ ইস্যু করা হয় এবং কোম্পানি ৬ মার্চ তা হাতে পেয়েছে বলে এক রেগুলেটরি ফাইলিংয়ে জানিয়েছে। গত বছর ডিসেম্বর মাসে শেয়ার বাজারে নথিভুক্ত হওয়া এই কোম্পানির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। মূলত বিজ্ঞাপনী খরচ, বিদেশি লেনদেন এবং আয়ের হিসেবে কিছু অসঙ্গতি পাওয়ার জেরেই আয়কর দফতর এই পদক্ষেপ নিয়েছে বলে খবর। তবে মিশো কর্তৃপক্ষ এই নোটিশের সঙ্গে একমত নয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই লড়বে এবং ইতিমধ্যেই কর্নাটক হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। এর আগেও ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৫১২ কোটি টাকার একই ধরণের একটি নোটিশ পেয়েছিল মিশো, যার উপর আদালত বর্তমানে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে রেখেছে।
মিশো জানিয়েছে, এই নোটিশ তাদের দৈনন্দিন ব্যবসায়িক ক্রিয়াকলাপ বা আর্থিক স্থিতিশীলতায় এখনই কোনো বড় প্রভাব ফেলবে না। কিন্তু ডিসেম্বরের ত্রৈমাসিকে কোম্পানির লোকসান যেখানে প্রায় ৪৯১ কোটিতে দাঁড়িয়েছে, সেখানে এই বিশাল অঙ্কের নোটিশ সংস্থার শেয়ারহোল্ডারদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে। কোম্পানি বর্তমানে তাদের আইনি পরামর্শদাতাদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করছে।