আইপিএল ২০২৬-এর মেগা আসর শুরু হতে না হতেই চরম বিপর্যয়। মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলের ঘর থেকে উদ্ধার করা হলো আইপিএলের সম্প্রচার কাজের সঙ্গে যুক্ত এক ব্রিটিশ ইঞ্জিনিয়ারের দেহ। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আইপিএলের প্রযুক্তিগত সম্প্রচারের জন্য তাঁকে নিয়োগ করেছিল। গত রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের হাই-ভোল্টেজ ম্যাচেও তিনি পূর্ণ দায়িত্বে ছিলেন। কিন্তু ম্যাচ শেষে হোটেলে ফেরার পর থেকেই তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।
পুলিশ সূত্রে খবর, হোটেলের কর্মীরা একাধিকবার ডাকার পরেও ওই ইঞ্জিনিয়ার সাড়া না দেওয়ায় সন্দেহ দানা বাঁধে। পরে মাস্টার কি দিয়ে দরজা খুলতেই দেখা যায় বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে বিষয়টিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে দেখছে মুম্বই পুলিশ। গত রাতে তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন এবং শেষবার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিসিসিআই-এর পক্ষ থেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। তবে আইপিএলের মতো বিশ্বের অন্যতম ধনী লিগে একজন বিদেশি কর্মীর এই ধরণের মৃত্যু নিরাপত্তা এবং কাজের প্রবল চাপ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। হৃদরোগ না কি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে। আপাতত আইপিএলের টানটান উত্তেজনার মাঝে এই মৃত্যু এক বিষণ্ণ পরিবেশ তৈরি করেছে।