মাঝরাতে তোলপাড় কলকাতা বন্দর! পণ্যবাহী জাহাজ থেকে উধাও শ্রীলঙ্কান নাগরিক

কলকাতা বন্দরের ৭ নম্বর ডক এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ মাঝ গঙ্গা থেকে নিখোঁজ হন সিঙ্গাপুরগামী পণ্যবাহী জাহাজ ‘কোটা দুনিয়া’-র এক ক্রু মেম্বার। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি শ্রীলঙ্কার নাগরিক, যার নাম বান্দারাওয়াত্তে ভিদানেলগে।

জাহাজটি চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রত্যক্ষদর্শী সহকর্মীরা জানান, রাত ১১টা নাগাদ আচমকাই ওই ব্যক্তি জাহাজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন। বিষয়টি নজরে আসতেই জাহাজের কর্মীরা ক্যাপ্টেনকে খবর দেন এবং ক্যাপ্টেন তৎক্ষণাৎ বন্দর ট্রাফিক বিভাগের সাহায্য চান। খবর পেয়ে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ ও বন্দর মেরিন বিভাগের দুটি স্পিডবোট তল্লাশিতে নামে। দীর্ঘক্ষণ তল্লাশির পরও ওই ক্রু মেম্বারের কোনো হদিশ পাওয়া যায়নি। কী কারণে তিনি ঝাঁপ দিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, সাত সকালে ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা। পিসি চন্দ্র গার্ডেনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী গাড়ি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা তদন্ত করছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy