পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে বৃহস্পতিবার বিকেলে মাঝআকাশে তৈরি হলো চরম উৎকণ্ঠা। অন্ডাল বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবল আবহাওয়া বিভ্রাটের মুখে পড়ে মুখ্যমন্ত্রীকে বহনকারী বিমানটি। বজ্রগর্ভ মেঘ এবং ঝোড়ো হাওয়ার দাপটে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা দেরিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয় বিমানটি।
সূত্রের খবর, এদিন বিকেল ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। সূচি অনুযায়ী বিকেল ৪টে ২৫ মিনিটে সেটির কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তিলোত্তমার আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। প্রবল ঝড় আর শিলাবৃষ্টির কারণে রানওয়ের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি একধাক্কায় অনেকটাই কমে যায়। ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে বিমানটিকে নামার অনুমতি দেওয়া সম্ভব হয়নি।
বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পাইলটকে মাঝআকাশেই চক্কর কাটতে হয়। প্রায় ৯০ মিনিট ধরে আকাশের বুকে বিমানটি হোল্ডিং পজিশনে থাকায় প্রশাসনিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঝড়ের বেগ কিছুটা কমলে এবং এটিসি-র সবুজ সংকেত মেলার পর অবশেষে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। তবে মাঝআকাশে এই দীর্ঘ সময়ের বিভ্রাট এবং বিমানের দুলুনি যাত্রীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি করেছিল।