গড়চিরৌলি, মহারাষ্ট্র: মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ে ঐতিহাসিক সাফল্য পেল মহারাষ্ট্র। নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য তথা দলের শীর্ষ কৌশলবিদ মল্লজুলা ভেনুগোপাল রাও, যিনি ‘ভূপতি’ বা ‘সোনু’ নামে পরিচিত, তিনি সহ মোট ৬১ জন মাওবাদী বুধবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছেন।
মাওবাদী সংগঠনে ভূপতির স্থান ছিল অন্যতম। তাঁর মাথার ওপর প্রায় ৬ কোটি টাকার সম্মিলিত পুরস্কার ঘোষণা করা ছিল। ভূপতির এই আত্মসমর্পণকে মহারাষ্ট্রের মাওবাদী বিদ্রোহের ইতিহাসে ‘সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা’ হিসেবে দেখা হচ্ছে।
গড়চিরৌলিতে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই পদক্ষেপকে শান্তি ও উন্নয়নের জয় বলে অভিহিত করেন। আত্মসমর্পণকারী মাওবাদী ক্যাডারদের হাতে তিনি ভারতের সংবিধানের একটি করে কপি তুলে দেন। তাঁদের মূলস্রোতে ফেরাতে সরকার পুনর্বাসন এবং জীবিকার সুযোগ নিশ্চিত করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
জানা গেছে, ভূপতি ও তাঁর সঙ্গীরা মোট ৫৪টি অস্ত্র-শস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছেন, যার মধ্যে রয়েছে AK-৪৭ রাইফেল এবং INSAS রাইফেলও। তাঁর মতো একজন শীর্ষস্থানীয় নেতার আত্মসমর্পণে মহারাষ্ট্র এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির মাওবাদী নেটওয়ার্ক একটি বড় ধাক্কা খেল বলে মনে করছেন নিরাপত্তা কর্মকর্তারা।