মহিলা কর্মীকে উড়ন্ত চুম্বন তৃণমূল বিধায়কের! ভাইরাল ভিডিও ঘিরে চরম অস্বস্তিতে ঘাসফুল শিবির!

উত্তর ২৪ পরগনার অশোকনগরে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। রাজ্য সরকারের অন্যতম সফল প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সাফল্য উদযাপনে আয়োজিত এক মিছিলেই এক মহিলা কর্মীর উদ্দেশে ‘ফ্লাইং কিস’ বা উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র শোরগোল।

স্থানীয় সূত্রে খবর, শেরপুর থেকে মানিকতলা পর্যন্ত আয়োজিত ওই মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলের শেষলগ্নে এক মহিলা কর্মীর সঙ্গে কথা বলার সময় হাসিমুখে ‘ফ্লাইং কিস’ দিতে দেখা যায় বিধায়ককে। বিরোধী শিবির এই ঘটনার কড়া নিন্দা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিওটি নিজের ফেসবুক পেজে পোস্ট করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। বিজেপি ও বাম নেতৃত্বের দাবি, একজন জনপ্রতিনিধির প্রকাশ্যে এই ধরনের লঘু আচরণ নারীশক্তির চূড়ান্ত অবমাননা।

নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে মহিলাদের নিয়ে আগেও বিতর্কিত মন্তব্যের অভিযোগ ছিল। বাম নেতা আকাশ করের মতে, এই ধরনের কুরুচিকর কাজ এলাকার ভাবমূর্তি নষ্ট করছে। যদিও শাসকদলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নির্বাচনের মুখে এই নয়া বিতর্ক যে অশোকনগরের তৃণমূল নেতৃত্বকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে, তা স্পষ্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy