মর্মান্তিক দুর্ঘটনা হিঙ্গলগঞ্জে! গরুকে জল দিতে গিয়ে বেপরোয়া মোটরবাইকের ধাক্কা, প্রাণ গেল প্রবীণ ব্যক্তির

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালি টু হিঙ্গলগঞ্জ রুটে ফের ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার সকালে রাস্তার ধারে গরুকে জল দিয়ে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক প্রবীণ ব্যক্তি।

সূত্র মারফত জানা যায়, মৃতের নাম বিষ্ণুপদ মণ্ডল (বয়স আনুমানিক ৬৫–৭০ বছর)। তাঁর বাড়ি ১৩ নম্বর তেলের কন্ট্রোলের পাশেই।

দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা গরুকে জল দেওয়ার পর রাস্তা পার হওয়ার সময় হিঙ্গলগঞ্জের দিক থেকে আসা একটি মোটরবাইক সজোরে তাঁকে ধাক্কা মারে। বাইকের গতি এতটাই বেশি ছিল যে, সেটি রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে এবং গাছটিও ভেঙে যায়। ধাক্কার জেরে বিষ্ণুপদবাবু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সান্ডেলার বিল হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক মোটরবাইকটি এবং তার চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

বিষ্ণুপদবাবুর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারে ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy