২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণবাদ্য বেজে উঠেছে খাস কলকাতায়। আজ দক্ষিণ কলকাতার হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই মেগা ইভেন্টে যোগ দিতে বুধবার রাতেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ হাজরা মোড় থেকে আলিপুর পর্যন্ত এক বর্ণাঢ্য মিছিলে অংশ নেবেন তিনি। বিজেপি সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ হাজরা মোড়ে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন শাহ। এরপর হুডখোলা গাড়িতে শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত ও শতরূপা মুখোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীদের নিয়ে আলিপুরের দিকে রওনা দেবেন তিনি।
শুভেন্দু অধিকারীর এই মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত শক্তি প্রদর্শনে নামছে গেরুয়া শিবির। আলিপুর মিউজিয়াম পর্যন্ত এই রোড শো চলার পর, আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেবেন প্রার্থীরা। দুপুর ১২টা নাগাদ এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে শুভেন্দুর এই লড়াইকে বাড়তি অক্সিজেন দিতেই অমিত শাহের এই উপস্থিতি বলে মনে করছে রাজনৈতিক মহল। বিকেলে দিল্লি ফেরার আগে এই কর্মসূচি থেকে শাহ কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।





